ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে পাঁচ জাহাজ এবং কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এক জাহাজ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ছয়টি চালানেরই দাম ধরা হয়েছে আন্তর্জাতিক বাজারের জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচকের চেয়ে কম।
শনিবার (২৪ অক্টোবর) কমিটির সভায় প্রস্তাবগুলো অনুমোদিত হয় বলে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিপি সিঙ্গাপুরের কাছ থেকে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি কেনা হবে জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১৭ ডলার কম দামে।
অন্যদিকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিংয়ের কাছ থেকে অতিরিক্ত এক জাহাজ এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম জেকেএম সূচকের চেয়ে শূন্য দশমিক ১০ ডলার কম নির্ধারণ করা হয়েছে।
