ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
আগামী ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপে আবার পর্যটক যাতায়াত শুরু হচ্ছে, যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন, আর প্রত্যেককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
পরিবেশগতভাবে সংকটাপন্ন দ্বীপটিতে পর্যটক যাতায়াত নিয়ে গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন অধিদপ্তর সেন্ট মার্টিনে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না। তবে নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।
পরিবেশ সংরক্ষণ ফি আদায়ে ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর ২৬ বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
পরিবেশ রক্ষায় অন্তর্বর্তী সরকারের সময় সেন্ট মার্টিন ভ্রমণ সীমিত করা হয়েছিল। গত বছর ১ নভেম্বর দ্বীপটি খুলে দেওয়া হলেও জাহাজ চলাচল বন্ধ থাকায় সে মাসে পর্যটকেরা যেতে পারেননি। তখন ডিসেম্বর ও জানুয়ারি, শুধু এই দুই মাস রাত্রিযাপনের সুযোগ ছিল এবং দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক যেতে পেরেছিলেন। অথচ চার বছর আগেও টেকনাফ থেকে প্রতিদিন ৯ থেকে ১১টি জাহাজে পাঁচ-ছয় হাজার পর্যটক দ্বীপটিতে যেতেন।

