ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
শেয়ারবাজারে তদারকি বা সার্ভেল্যান্সের কারণে যাতে বিনিয়োগকারীদের মধ্যে ভীতি না ছড়ায়, সে জন্য অহেতুক নয়, সুনির্দিষ্ট তথ্যভিত্তিক সার্ভেল্যান্সের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে কয়েকটি কোম্পানির শেয়ার নিয়ে তদন্তের উদ্যোগে বাজারে আতঙ্ক তৈরি হয়। তদন্তের অংশ হিসেবে ডিএসই বিভিন্ন ব্রোকারেজ হাউসে দফায় দফায় চিঠি দিয়ে নানা তথ্য চায়, যা বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে মাঝারি ও বড় বিনিয়োগকারীদের অনেকে বিনিয়োগ গুটিয়ে নেন, যার বড় প্রভাব পড়ে লেনদেন ও শেয়ারের দামে।
বৈঠকে বিএসইসি জানায়, কারসাজি রোধে তদন্ত ও তদারকি চলবে, তবে এর নামে অযাচিত আতঙ্ক ছড়ানো যাবে না। বড় অনিয়মের ক্ষেত্রে কারসাজিকারকের তথ্য সংগ্রহে কৌশলী ও ডেটানির্ভর হতে বলা হয়েছে, যাতে কোনো বিনিয়োগকারী অহেতুক হয়রানির শিকার না হন। চিঠি দিয়ে তথ্য চাওয়ার বদলে আগে সার্ভেল্যান্স সিস্টেম থেকে যাচাই করে কারসাজির প্রাথমিক তথ্য সংগ্রহ এবং সুনির্দিষ্ট অনিয়মের প্রমাণ মিললে তবেই সংশ্লিষ্ট বিনিয়োগকারী সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি তদন্তে বাজারের বাস্তবতা ও বিনিয়োগকারীদের মনোভাব বিবেচনায় নিতেও বলা হয়েছে।

