ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
প্রথম দফার ভোটে কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় এবং ভোটার উপস্থিতি কম থাকায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় দফায় গড়াচ্ছে। রোববার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ভোটের পর আগামী ১ নভেম্বর শীর্ষ দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত লড়াই হবে।
ভোট শেষে প্রকাশিত বুথফেরত জরিপ অনুযায়ী, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা পেয়েছেন ৩৫ থেকে সাড়ে ৩৬ শতাংশ ভোট। সাবেক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আন্দ্রেই গিউরভ ৩১ থেকে সাড়ে ৩৩ শতাংশ ভোট পেয়ে আছেন দ্বিতীয় অবস্থানে। দ্বিতীয় দফায় এই দুজনই মুখোমুখি হবেন। দেশটির নিয়ম অনুযায়ী, প্রথম দফায় জিততে হলে নিবন্ধিত ভোটারদের অর্ধেকের বেশিকে ভোট দিতে হয় এবং বিজয়ী প্রার্থীকে প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হয়। একটি জনমত জরিপ সংস্থার হিসাবে, রোববার রাত ৮টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল মাত্র ২২.২ শতাংশ। এবার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে মোট ২৭ জন প্রার্থী লড়ছেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান দেমেরজিয়েভ জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সাধারণত যে ধরনের ভোট কেনাবেচা ও কারচুপির অভিযোগ ওঠে, এবার তেমন কিছু দেখা যায়নি। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এই দেশে এবারের নির্বাচনী প্রচারে মূল আলোচনায় ছিল জ্বালানির দাম বৃদ্ধি, মূল্যস্ফীতি, কৃষ্ণসাগরে হামলা ও ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ। বুলগেরিয়ার উপকূলের কাছে জাহাজে একের পর এক ড্রোন হামলার ঘটনাও প্রচারের সময় বড় খবর হয়ে ওঠে; প্রধান দুই প্রার্থীই এসব হামলার নিন্দা জানিয়েছেন।

