টানা কয়েক মাস কমানোর পর উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম গত চার মাস ধরে আবারও বাড়ছে। এরই ধারাবাহিকতায় দেশের ভেতরে চলাচলকারী ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের এই নতুন দর ঘোষণা করেছে, যা আজ দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে।
বিইআরসির নতুন দর অনুযায়ী, দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮৯ টাকা ৩ পয়সা, যা পূর্বে ছিল ১৮২ টাকা ৭১ পয়সা। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারিতে এর দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা। তবে দেশের ভেতরে দাম বাড়লেও আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটারের দাম ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি সূত্র জানিয়েছে, দেশের মধ্যে জেট ফুয়েল বিক্রির ক্ষেত্রে এতদিন ১৭ শতাংশ ভ্যাট ধরে হিসাব করা হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সতর্কবার্তা অনুযায়ী তা সংশোধন করে চলতি মাসে সাড়ে ২২ শতাংশ ভ্যাট ধরা হয়েছে। মূলত ভ্যাটের হার বাড়ার কারণেই আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত জ্বালানির দাম বেড়েছে। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে নিয়মিতভাবে জেট ফুয়েলের দাম সমন্বয় করে আসছে বিইআরসি।



