২০০৮ সালে মালেতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল ভুটানের। দীর্ঘ ১৮ বছর পর সাফের শেষ চারে আবারও মুখোমুখি হয় এই দুই দল। সময়ের পালাবদল ঘটলেও খেলার ফল সেই একই রয়ে গেছে। ভুটানকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে ভারত এবং টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ভুটানকে।
আজ ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আধিপত্য বিস্তার করে ভারত। ম্যাচের নবম মিনিটে বিষ্ণুর গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথমার্ধের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। দ্রুত দুই গোল হজম করে ভুটান কিছুটা চাপে পড়লেও প্রথমার্ধে ভারতের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি।
সাফ টুর্নামেন্টে ভারতের এই আধিপত্য নতুন কিছু নয়। এবারসহ প্রতিযোগিতায় ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে পৌঁছাল তারা। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন ও ৪ বার রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে দলটি। এছাড়া ২০০৩ সালে তারা তৃতীয় স্থান লাভ করেছিল এবং ২০০৯ সালে বাংলাদেশের মাটিতে অলিম্পিক দল নিয়ে অংশ নিয়েও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছিল ভারত। দ্বিতীয় সারির দল নিয়ে এবারের আসরে খেলতে নামলেও নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে শিরোপার দিকেই এগিয়ে চলেছে দলটি।

