ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
কক্সবাজারের টেকনাফে এক ট্রলারের জালে একসঙ্গে উঠে এসেছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ। শনিবার (১৪ নভেম্বর) ভোরে সেন্ট মার্টিন দ্বীপের উত্তরে বঙ্গোপসাগরে ধরা পড়া এই মাছ বিক্রি হয়েছে ১০ লাখ টাকায়।
ট্রলারটির মালিক শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিক (৪০)। মাঝি হাফেজ উল্লাহ জানান, শুক্রবার রাত ৯টার দিকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে তাঁরা শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে সাগরে যান। গভীর রাতে সেন্ট মার্টিনের উত্তর পাশে জাল ফেলা হয়, আর শনিবার সকাল ছয়টার দিকে জাল তুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা। দুপুরে মাছ নিয়ে ঘাটে ফেরেন তাঁরা।
মালিকের হিসাবে, ৪৬০টি লাল কোরালের মোট ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি, প্রতিটি এক থেকে পাঁচ কেজির। আর ৪০০টি চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। জেলেদের ভাগের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে বাকি ৮২৫টি মাছ মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে তোলা হয়। শুরুতে দাম হাঁকা হয়েছিল ১২ লাখ টাকা; ব্যবসায়ীদের মধ্যে কাড়াকাড়ির পর শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ লালু ১০ লাখ টাকায় সব মাছ কিনে নেন। এর মধ্যে লাল কোরালের দাম পড়েছে ৭ লাখ ৮০ হাজার আর চাপা সুরমার ২ লাখ ২০ হাজার টাকা।
ব্যবসায়ী লালু বলেন, পর্যটন মৌসুম শুরু হওয়ায় এই দুই মাছের চাহিদা এখন তুঙ্গে। কক্সবাজারের হোটেল ছাড়াও ঢাকা ও চট্টগ্রামের বাজারে এর ভালো দাম মেলে। শনিবার রাতেই মাছগুলো ট্রাকে করে কক্সবাজার শহর, ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়েছে। স্থানীয় জেলেরা জানান, লাল কোরাল সাধারণত গভীর সাগরের মাছ; শীতকালে এরা ঝাঁক বেঁধে সেন্ট মার্টিনের প্রবাল ও পাথুরে এলাকায় ঘুরে বেড়ায়, তাই এ মৌসুমে মাঝেমধ্যে এমন বড় ঝাঁক জালে ধরা পড়ে।

