সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩, ৫ জমাদিউস সানি ১৪৪৮

বড় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের অর্থায়নে ব্যাংক খাতের ওপর একক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজার ও বন্ড বাজারকে শক্তিশালী করার সুনির্দিষ্ট উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে স্বল্পমেয়াদি ট্রেজারি বিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি বন্ড ও ইসলামি শরিয়াহভিত্তিক ‘সুকুক’ চালুর মাধ্যমে ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে।

রবিবার কক্সবাজারে আয়োজিত ‘আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধন শেষে সংবাদ ব্রিফিংয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বেসরকারি খাতের জন্যও উন্মুক্ত হচ্ছে বন্ড বাজার: সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি জানান, এতদিন বেসরকারি খাত মূলত ব্যাংকঋণের ওপর নির্ভরশীল থাকায় ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছিল এবং উচ্চ সুদে ঋণ নিতে গিয়ে অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন থেকে বন্ডসহ অর্থায়নের বিকল্প উৎস কেবল সরকারের জন্যই নয়, বরং বেসরকারি খাতের জন্যেও উন্মুক্ত করা হচ্ছে। এছাড়া আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে (নিউইয়র্ক বা লন্ডন) ইউএস ডলার ইউরোবন্ড ছাড়ার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

বৈশ্বিক বন্ড বাজারে নজর ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ: সরকারের পরিকল্পনা অনুযায়ী, উপযুক্ত সময়ে আন্তর্জাতিক পুঁজিবাজারে প্রবেশের লক্ষ্যে ইউরোবন্ড, সুকুক, জাপানের ‘সামুরাই বন্ড’ এবং চীনের ‘পান্ডা বন্ড’ ছাড়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য দেশের বন্ড বাজার সহজলভ্য করতে জেপি মরগানের ‘জিবিআই-ইএম এজ’ সূচকে বাংলাদেশের স্থানীয় বন্ড অন্তর্ভুক্তির সুযোগ কাজে লাগানোর পাশাপাশি ‘ইউরোক্লিয়ার’ ও ‘ক্লিয়ারস্ট্রিমের’ সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিনিয়োগ বাড়াতে পরিবেশবান্ধব ‘গ্রিন বন্ড’ ও ‘ব্লু বন্ডের’ পরিধিও বাড়ানো হচ্ছে।

কমেছে ঋণের সুদ ও ব্যাংক খাতের ওপর চাপ: সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বাজেটঘাটতি মেটানো বন্ধ করায় সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে এবং সরকারের ঋণ নেওয়ার খরচ উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫ সালের জুনে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা কমে ৮ থেকে ৯ শতাংশের মধ্যে নেমে এসেছে। সরকারের নেওয়া এসব সুনির্দিষ্ট পদক্ষেপে ২০২৬ সালের জুন নাগাদ বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ নাটকীয়ভাবে কমে মাত্র ৪৮২ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং আইএমএফের বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

ঋণ পরিশোধের চাপ ও ভবিষ্যৎ লক্ষ্য: অতীতে নেওয়া ঋণের অর্থ পরিশোধের সময় চলে আসায় ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হচ্ছে, যা ২০২৯-৩০ অর্থবছরে সর্বোচ্চ ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে। এই ঋণ টেকসই ও সুশৃঙ্খলভাবে ব্যবস্থাপনার জন্য করজাল সম্প্রসারণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং ‘পাবলিক ডেট অ্যাক্ট’ প্রণয়নের কাজ চলছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং ২০২৯ সালে এলডিসি থেকে উত্তরণের লক্ষ্য সামনে রেখে এই সম্মেলন থেকে বাস্তবসম্মত ও কার্যকরী সুপারিশ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version