সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩, ৫ জমাদিউস সানি ১৪৪৮

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে এক অনন্য কীর্তি গড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে চারটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নিজের করে নিয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। দীর্ঘ আট মৌসুম পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির খরা কাটিয়ে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি।

আজ সিলেট একাডেমি গ্রাউন্ডে জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহের হয়ে রাজশাহীর বিপক্ষে এই রেকর্ড গড়া ইনিংসটি খেলেন মোসাদ্দেক। মাত্র ২১৫ বলে ২২টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২২০ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। এই সংস্করণে তাঁর মোট ১২টি সেঞ্চুরির মধ্যে ৪টিই ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করেছেন মোসাদ্দেক।

এর আগে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেএসপির ৩ নম্বর মাঠে বরিশাল-রংপুর ম্যাচে প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ২৫০ রান করেছিলেন মোসাদ্দেক। পরের ম্যাচেই চট্টগ্রামের বিপক্ষে বরিশালের হয়ে ৩০৯ বলে ২৮২ রানের আরও একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করার ৫৫তম বিশ্বরেকর্ড গড়ে রঞ্জি, ব্র্যাডম্যান, সাঙ্গাকারার মতো কিংবদন্তিদের পাশে নাম লেখান তিনি। এরপর ২০১৫-১৬ মৌসুমে খুলনার বিপক্ষে বরিশালের হয়ে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মোসাদ্দেক।

দীর্ঘ ১১ মৌসুম পর নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরি পূর্ণ করে পেছনে ফেললেন অলক কাপালি, তুষার ইমরান, রনি তালুকদার, লিটন দাস, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাওহিদ হৃদয় ও তাইবুর রহমানের মতো তারকাদের—যাঁদের নামের পাশে রয়েছে তিনটি করে ডাবল সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৭টি ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের।

এক নজরে মোসাদ্দেকের চার ডাবল সেঞ্চুরি:

  • ২৫০ রান | বরিশাল বনাম রংপুর | বিকেএসপি-৩ | ২০১৪-১৫

  • ২৮২ রান | বরিশাল বনাম চট্টগ্রাম | বিকেএসপি-৩ | ২০১৪-১৫

  • ২০০ রান* | বরিশাল বনাম খুলনা | সিলেট | ২০১৫-১৬

  • ২২০ রান | ময়মনসিংহ বনাম রাজশাহী | সিলেট একাডেমি | ২০২৬-২৭

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version