ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
জয়পুরহাটের ক্ষেতলালের হাট-বাজারে নতুন আলু না আসায় পুরোনো আলুর দাম নেমে এসেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকায়, কিন্তু শীতকালীন বাকি প্রায় সব সবজির দাম চড়া থাকায় ক্রেতাদের কপালে ভাঁজ কমছে না।
শুক্রবার (২০ নভেম্বর) ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা হাটে সরেজমিনে দেখা যায়, শীতের নানা সবজির সরবরাহ থাকলেও বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে বাড়তি দামে। খুচরা ব্যবসায়ী আশরাফ মোল্লা জানান, বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ টাকা, আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা, আদা ১৬০ টাকা, রসুন ১০০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা ও বেগুন ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
একইভাবে পটোল ৪০ টাকা, গাজর ১২০ টাকা, করলা ৮০ টাকা, শিম ৭০ টাকা, মুলা ৩০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ৪০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা ও কাঁচা পেঁপে ২০ টাকা কেজি। এর বাইরে শুকনা মরিচের কেজি ৪৪০ টাকা এবং গুঁড়া মরিচ ৫০০ টাকা।
বাজারে আসা ভাসিলা গ্রামের সামছুল ইসলামসহ কয়েকজন ক্রেতা বলেন, সাধারণত শীতের নতুন সবজি উঠলে দাম কিছুটা কমে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। আলুর দাম কমলেও অন্য প্রায় সব সবজির দাম বেশি হওয়ায় বাজার করতে এসে বাড়তি টাকা গুনতে হচ্ছে। তাঁদের প্রত্যাশা, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম কমবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।

