ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে পড়ুয়া সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ে পাঠাতে প্রয়োজনীয় হিসাব খোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক গত ১৮ নভেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেন। তাতে বলা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য সর্বজনীনভাবে ১০০ শতাংশ উপবৃত্তি চালু হবে। ছাত্রদের জন্য বিদ্যমান পদ্ধতিতেই উপবৃত্তি কার্যক্রম চলবে।
যেসব ছাত্রীর নাম কর্মসূচির সফটওয়্যার এইচএসপি-এমআইএসে আছে অথবা যাঁরা ইতোমধ্যে উপবৃত্তি পাচ্ছেন, তাঁদের নতুন করে হিসাব খুলতে হবে না। তবে যাঁরা এখনো উপবৃত্তি পাননি, তাঁদের বা তাঁদের অভিভাবকদের নামে হিসাব খুলতে হবে। অভিভাবক হিসেবে বাবা অথবা মাকে বিবেচনা করা হবে; তাঁরা কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা বা নানির যেকোনো একজন অভিভাবক হতে পারবেন।
বাবা বা মায়ের নামে কোনো তফশিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকিংয়ে অনলাইন হিসাব থাকলে কিংবা নতুন খুললে সেই হিসাবেই উপবৃত্তির অর্থ নেওয়া যাবে। বাবা-মা কেউ না থাকলে বিকল্প অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। মোবাইল ব্যাংকিংয়ে অর্থ নেওয়ার ক্ষেত্রে বিশেষ শর্ত রয়েছে: বাবা বা মা জীবিত থাকলেই কেবল সেই হিসাব ব্যবহার করা যাবে।

