ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ের সদস্যদের সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা হয়েছে, যা প্রায় ১৩৮ শতাংশ বৃদ্ধি। রোববার (১৫ নভেম্বর) জারি করা যৌথ বাহিনী নির্দেশাবলিতে এই নতুন কাঠামো জানানো হয়েছে।
জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর জন্য সর্বনিম্ন মূল বেতন রাখা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। সময়ের সঙ্গে এই বেতন বেড়ে ৫১ হাজার ৯০০ টাকায় পৌঁছাবে। নির্দেশাবলিতে নতুন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে প্রায় ১০২ শতাংশ বেশি হয়েছে।
অন্যদিকে তিন বাহিনীর প্রধানের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে এক লাখ ৭২ হাজার টাকা হচ্ছে। এই অঙ্ক মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বেতনের সমান। আগের স্কেলেও বাহিনীপ্রধানরা এই দুই পদের সমান বেতন পেতেন, এবার সেই ধারায় পরিবর্তন আসেনি। অনারারি লেফটেন্যান্টের বেতন হয়েছে ৭৬ হাজার ৯৬০ টাকা, অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা।
নতুন স্কেল বাস্তবায়নেও সৈনিক ও নিম্ন স্কেলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতনদের ক্ষেত্রে প্রথম ধাপে ৪০ শতাংশ বাস্তবায়িত হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে হয়েছে ৫০ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের বেতনের ব্যবধান নিয়ে প্রশ্ন সব ক্ষেত্রেই ওঠে, তবে প্রতিটি স্কেলই এই বাস্তবতার মধ্যে ঘোষণা ও বাস্তবায়ন করা হয়েছে।

