ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার অসংগতি দূর করতে ৯ দফা সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় বেতন স্কেল-২০২৬ পর্যালোচনা কমিটির আহ্বায়কের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে গ্রেডভিত্তিক মূল বেতনের ব্যবধান যৌক্তিক করা, সব গ্রেডে বাড়িভাড়া ভাতার অভিন্ন নীতিমালা চালু, শিক্ষা ও উৎসব ভাতা বৃদ্ধি, বৈশাখী ভাতা ৩০ শতাংশ নির্ধারণ এবং ২০ বছর চাকরি পূর্ণ হলে স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়া। স্মারকলিপিতে সংগঠনটির আহ্বায়ক আব্দুল মালেক ও সদস্য সচিব আশিকুল ইসলাম স্বাক্ষর করেন। সেখানে বলা হয়, নতুন বেতন স্কেল বাস্তবায়নের উদ্যোগ প্রশংসনীয় হলেও বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতার কাঠামোয় কিছু অসংগতি রয়েছে।
মূল বেতনের ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা এবং ১৯তম গ্রেডের ২০ হাজার ৫০০ টাকা, অর্থাৎ দুই গ্রেডের ব্যবধান মাত্র ৫০০ টাকা। একইভাবে ১৮তম গ্রেডের মূল বেতন ২১ হাজার টাকা এবং ১৭তম গ্রেডের ২১ হাজার ৪০০ টাকা, এখানে ব্যবধান মাত্র ৪০০ টাকা। সংগঠনটির দাবি, এতে পদোন্নতি, দায়িত্ব ও অভিজ্ঞতার যথাযথ আর্থিক স্বীকৃতি পাওয়া যায় না। তাই প্রতিটি গ্রেডের মূল বেতনের মধ্যে যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ ব্যবধান নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
দ্বিতীয় প্রস্তাবে বাড়িভাড়া ভাতার গ্রেডভিত্তিক বৈষম্য দূর করে সব গ্রেডের জন্য অভিন্ন নীতিমালা চালুর দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়, ১৬তম থেকে ২০তম গ্রেডে মূল বেতনের ৬০ শতাংশ এবং ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণের ফলে জুনিয়র ও সিনিয়র কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আর্থিক অসামঞ্জস্য তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়, ২০তম গ্রেডের একজন কর্মচারী ২০ হাজার টাকা মূল বেতনের বিপরীতে ১২ হাজার টাকা বাড়িভাড়া পান, আর ১৪তম গ্রেডের একজন কর্মচারী ২৩ হাজার ৫০০ টাকা মূল বেতনের বিপরীতে পান ১১ হাজার ৭৫০ টাকা।

