ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিমানে ফিরবেন, নাকি হেঁটে—এ নিয়ে আলোচনা হবে তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে; মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
রয়টার্সের একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি এ কথা বলেন। ওই প্রতিবেদনে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে বলা হয়, হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফিরতে চান। উপদেষ্টা জাহেদ বলেন, ডিসেম্বর নিয়ে যেহেতু আলোচনা আছে, তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ফিরলে তাদের গ্রেফতার করা হবে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সতর্ক আছে, যা তাদের রুটিন কাজ।
তিনি বলেন, শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, বিচার প্রক্রিয়া শেষে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত। কাজেই তিনি কীভাবে আসবেন, ভারতের বিমানে নাকি হেঁটে, কীভাবে হস্তান্তর হবে—তা ভারতের সঙ্গেই নির্ধারিত হবে। উপদেষ্টার ভাষ্য, হাসিনা দেখানোর চেষ্টা করছেন যে তার সিদ্ধান্তেই অনেক কিছু হচ্ছে।
ভারত প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, বন্ধু বদলানো গেলেও প্রতিবেশী বদলানো যায় না; এটা দুই দেশের জন্যই সত্য, তাই ইতিবাচকভাবে যুক্ত থাকা ছাড়া উপায় নেই। তিনি আরও বলেন, সরকার একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চায়। হাসিনা নিজেও যেহেতু আসতে চান, তাই তার আইনি জটিলতার কারণ নেই এবং ভারত চাইলে তাকে ফেরত দিতে পারে। ভারত জোর করে প্রত্যর্পণ করবে—ব্যাপারটা তেমন নয়; হাসিনা যেতে চান, বাংলাদেশও ফেরত চায়, দুটো মিলে গেছে বলে মন্তব্য করেন তিনি।
