ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আনম আহমাদুল বাশারের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের আবেদনে বলা হয়েছে, ওই ১১টি ব্যাংক হিসাবে বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৯০ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে জমা পড়েছে ১ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা, আর তোলা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৪০ টাকা।
আবেদনে আরও জানানো হয়, বর্তমানে এসব হিসাবে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা রয়েছে। আনম আহমাদুল বাশার সাবেক নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন সরকারি কর্মচারী হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন ও নিজের দখলে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতেই হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করে দুদক।

