ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে বাতিল হয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (ক্যাফ) আগের সিদ্ধান্ত, ফলে ফাইনালে মরক্কোকে হারানোর ফলই বহাল থাকল।
সিএএস জানিয়েছে, সেনেগাল ফুটবল ফেডারেশনের করা আপিল গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ক্যাফের আপিল বোর্ডের সিদ্ধান্ত বাতিল করে ডিসিপ্লিনারি বোর্ডের আগের রায় পুনর্বহাল করা হয়েছে। এর ফলে ফাইনালের ফলাফল অনুযায়ী সেনেগালকেই আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
গত জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। অতিরিক্ত সময়ে পাপে গেয়ের করা গোলে জয় নিশ্চিত করে দলটি। তবে ম্যাচের শেষ দিকে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনেগালের একটি গোল বাতিলের পর মরক্কো পেনাল্টি পেলে প্রতিবাদে মাঠ ছেড়ে যান সেনেগালের খেলোয়াড়রা, এতে প্রায় ১৭ মিনিট খেলা বন্ধ ছিল।
পরে মাঠে ফিরলে মরক্কোর ব্রাহিম দিয়াজ পেনাল্টি নেন। ওই ঘটনার পর ক্যাফের সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল ফুটবল ফেডারেশন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ক্রীড়ার সর্বোচ্চ সালিশি আদালত এবার সেনেগালের পক্ষেই রায় দিল। ফলে মাঠের লড়াইয়ে অর্জিত শিরোপা ফিরে পেল ‘লায়ন্স অব তেরাঙ্গা’।

