ডেস্ক রিপোর্ট | নাহিদ হাসান
বান্দরবানের লামা উপজেলায় ভারী এক্সকাভেটর বহনকারী একটি ট্রাক পার হওয়ার সময় বেইলি সেতু ভেঙে খাদে পড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সড়ক বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ছয়মাইল নামক স্থানে গজালিয়া সড়কে ভারী এক্সকাভেটর নিয়ে একটি ট্রাক সেতুটি পার হচ্ছিল। এ সময় হঠাৎ সেতুটি ভেঙে পড়লে ট্রাক ও এক্সকাভেটরটি নিচের খাদে পড়ে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি।
হঠাৎ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। প্রতিদিনের চলাচল, পণ্য পরিবহন ও জরুরি প্রয়োজনে তাঁদের এখন বিকল্প পথের ওপর নির্ভর করতে হচ্ছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামত করা হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে ইতিমধ্যে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। তাঁর আশ্বাস, আগামী দুয়েক দিনের মধ্যেই সড়কটি আবার চালু করা সম্ভব হবে।

