বিদেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ তারুণ্যের খনি বলেও তিনি মন্তব্য করেন।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘শ্রমশক্তি রপ্তানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শ্রমশক্তি রপ্তানি খাতকে দালালমুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীতে তারুণ্যের অভাব, আমদের রয়েছে তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতে হবেই, এত তরুণ জনশক্তি আর কোথাও নেই।’

ড. ইউনূস বলেন, ‘আমাদের সুযোগের কোনো অভাব নেই। আজ যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান, পাঁচ লাখ লোক আজই পাঠানো যাবে। এরই মধ্যে বহু দালাল বলছে যে তোমাকে জাপান পাঠাচ্ছি। আমি তোমাকে কাগজপত্র দিয়ে দেবো। তুমি জাপানি ভাষাতে এক্সপার্ট, জাপানি ভাষার সার্টিফিকেট সেটাও দিয়ে দেব। এজন্য জাপান ঠিক করেছে- জাপানি ভাষায় পরীক্ষাটা তারা নেবে, যাতে আমাদের কাগজের ওপর বিশ্বাস করতে না হয়। এই হলো আমাদের অবস্থা।’

তিনি বলেন, ‘এখন অনুরোধ আছে পোল্যান্ডে ইস্ট, ইউরোপের কান্ট্রিতে। প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এটা ক্রমে বাড়বে, কমবে না। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে। সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এ রাস্তাগুলো তৈরি করতে পারি, দালালের কবল থেকে বাঁচতে পারি, নিয়ম শৃঙ্খলাগুলো রাখতে পারি। যেটুকু সাফল্যের কথা আমরা এখন আলোচনা করছি, এটা হলো সামান্য, ওপরের দিকে ভেতরে এখনো ঢুকিনি। সেজন্য জাতি হিসেবে আমাদের প্রস্তুতি নিতে হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা এমন একটা ভাগ্যবান জাতি, যেখানে অনন্য সোনার খনি। এ সোনার খনি থেকে যদি আমরা সোনা না আনি আমাদের কপালের কোনো পরিবর্তন হবে না। আমাদের এ সোনা ব্যবহার করতে হবে। ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খাড়া। আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি। আশা করি, সেই প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবো। আমাদের তরুণরা সারা দুনিয়ার যে কোনো তরুণের চেয়ে কম না, শুধু সেই সুযোগটা তাদের দেওয়া।’

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version