ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকানসংক্রান্ত একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ তুলে ‘মানহানিকর বক্তব্য ও অপপ্রচার’ চালানোর অভিযোগে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নুরুল গনি সগীরের পক্ষে তার সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিব এই নোটিশ পাঠান। এতে সর্বমিত্র চাকমাকে অত্র নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টা সময়ের মধ্যে প্রকাশ্যে মানহানিকর অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নুরুল গনি সগির আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলেও নোটিশে সতর্ক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নুরুল গনি সগীর। সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ ও ঢাবি শিক্ষার্থী শিশির তানিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর বলেন, ‘গত ২৪ তারিখে ক্যাম্পাসে অবৈধ দোকান নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলার চেষ্টা করা হয়। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে আমি ২৫ তারিখ সংবাদ সম্মেলন করে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার সময় বেঁধে দিই, যাতে সে বা ক্যাম্পাসের যে কেউ অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারেন।’

তিনি বলেন, ‘ঘোষিত সময়সীমা পার হয়ে তিন–চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট চিত্র উপস্থাপন করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বিষয়টি আইনিভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছি। এরই ধারাবাহিকতায় আমার সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস শাকিবের মাধ্যমে আজ সর্বমিত্র চাকমার প্রতি একটি লিগাল নোটিশ প্রেরণ করা হয়েছে।’

নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ও পরবর্তী বিভিন্ন বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগিরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এসব অভিযোগের কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়।

নোটিশে আরও বলা হয়, অভিযুক্ত অভিযোগগুলোর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। বরং এসব বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন শিক্ষার্থী নেতাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা। এতে দণ্ডবিধি অনুযায়ী মানহানি ও হয়রানিমূলক অপরাধের উপাদান রয়েছে বলে উল্লেখ করা হয়।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version