আগামী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী বছর সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করতে পারবেন। তবে এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারের সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি মিলবে ২২ দিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ১৪ দিন।
আসন্ন ২০২৭ সালের ছুটির বিশেষ ব্যবস্থার মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটি বেশ দীর্ঘ হবে। ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটির পাশাপাশি ঈদের আগের দুই দিন ও পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে, যার ফলে মোট ছুটি হবে ৫ দিন। অন্যদিকে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটির সঙ্গে ঈদের আগের দুই দিন এবং পরের তিন দিন নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ৬ দিনের ছুটি নির্ধারিত হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, দেশের সব সরকারি, আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটির তালিকা কার্যকর হবে।


