ত্রয়োদশ জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সরকারি হিসাব কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর তাঁর নেতৃত্বে কমিটি গঠন করা হয়।
বুধবার জাতীয় সংসদে সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম সরকারি হিসাব কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতিতে পাস হয়।
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদে এখন পর্যন্ত মোট নয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একমাত্র সরকারি হিসাব কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলের একজন সংসদ সদস্যকে। এর আগে একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদেও এ কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন বিরোধী দলের প্রতিনিধি।
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংসদীয় চারটি গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য হয়েছিল। সরকারি হিসাব কমিটি সেই চারটি কমিটির অন্যতম।
নবগঠিত সরকারি হিসাব কমিটিতে বিভিন্ন দলের মোট ১৪ জন সংসদ সদস্য সদস্য হিসেবে রয়েছেন। বিএনপির একাধিক সংসদ সদস্যের পাশাপাশি জামায়াতে ইসলামীর আরও দুইজন সদস্যও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
সরকারি ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারি কমিটিগুলোর একটি হিসেবে বিবেচিত হয় সরকারি হিসাব কমিটি। রাষ্ট্রের বিভিন্ন সংস্থার ব্যয় নিরীক্ষা এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদনের ভিত্তিতে অনিয়ম পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেওয়াই এই কমিটির প্রধান দায়িত্ব।



