সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রীয় নেতা সারজিস আলমের ব্যবহৃত গাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে এক ক্ষুদেবার্তায় জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।

তিনি অভিযোগ করে বলেন, সিলেটের গোলাপগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির বহরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে বহরে থাকা বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সারজিস আলমের গাড়িটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা গোলাপগঞ্জে পৌঁছালে তাদের বহরের ওপর এ হামলার ঘটনা ঘটে। তবে হামলায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ঘটনার পর স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় সফর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জে কর্মসূচি পালন করতে যান দলটির নেতাকর্মীরা।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version