জনগণের প্রয়োজন অনুযায়ী ১১ দলীয় ঐক্যের বর্তমান আট দফা দাবি আরও বাড়তে পারে, আবার সব দাবি মিলিয়ে এক দফাতেও পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ভবিষ্যতে ঢাকামুখী লংমার্চের ইঙ্গিত দিয়ে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নগর জলফৈ বাইপাস এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন শফিকুর রহমান। এর আগে সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়। পথে গাজীপুরসহ বিভিন্ন স্থানে পথসভা করেন জোটের নেতারা।
টাঙ্গাইলের পথসভায় শফিকুর রহমান বলেন, তাঁদের ছয় দফা দাবি ইতিমধ্যে আট দফায় পরিণত হয়েছে। জনগণের প্রয়োজন অনুযায়ী দাবির সংখ্যা আরও বাড়তে পারে। আবার পরিস্থিতি অনুযায়ী সব দাবি বাদ দিয়ে একটি দাবিকেও সামনে আনা হতে পারে বলে জানান তিনি। এরপর উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে ভবিষ্যতের কর্মসূচির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, শনিবারের লংমার্চ ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চলের দিকে গেলেও ভবিষ্যতের লংমার্চ বিপরীতমুখী হয়ে ঢাকার দিকে যেতে পারে। তাঁর এই বক্তব্যকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যদিও নতুন কোনো কর্মসূচির তারিখ বা বিস্তারিত তিনি ঘোষণা করেননি।
এর আগে গাজীপুরের ভোগড়া বাইপাসে পথসভায়ও একই ধরনের বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, তাঁরা বর্তমানে আট দফা দাবিতে কর্মসূচিতে নেমেছেন এবং জনগণের প্রয়োজন হলে এই আট দফা এক দফায় রূপ নিতে পারে।
১১ দলীয় ঐক্যের এবারের কর্মসূচিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ শুরু হয় এবং পরে লংমার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। উদ্বোধনী সমাবেশে শফিকুর রহমানের পাশাপাশি ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।
লংমার্চের আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুরের ভোগরা, টাঙ্গাইলের নগর জলফৈ, সিরাজগঞ্জের চৌরাস্তা, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কথা রয়েছে।
টাঙ্গাইলের পথসভায় শফিকুর রহমানের বক্তব্যে বর্তমান আট দফার পাশাপাশি ভবিষ্যতের আন্দোলনের ধরনও উঠে আসে। তবে আট দফা কখন বা কোন পরিস্থিতিতে এক দফায় রূপ নেবে এবং সেই এক দফার বিষয়বস্তু কী হবে—সে বিষয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।

