মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮

জুলাই যোদ্ধাদের নিয়ে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে এটি কাজ করবে। নতুন সংগঠনটির তিন সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়েছে।

সোমবার এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সংগঠনের কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠনের তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে মো. সালমান হোসেনকে সভাপতি এবং হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুস্তাইন বিল্লাহ হাবিবী। আংশিক এই কেন্দ্রীয় কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সালমান হোসেন ও হাসিবুল হাসান গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছিলেন।

নতুন সংগঠনটির উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে রাখা হয়েছে। তাঁরা হলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম ও আরমান হোসাইন।

এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ে শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

নতুন সংগঠনটি জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিকার ও মর্যাদার বিষয়গুলো সামনে রেখে কার্যক্রম পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনসিপির সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। আপাতত তিন সদস্যের আংশিক কমিটিই আগামী এক বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় দায়িত্ব পালন করবে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version