বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশ-বিদেশের গুপ্ত ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কোনো দুষ্টচক্র যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সেজন্য দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল বেগম হাসিবা উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করে অনুষ্ঠানের সূচনা করেন তিনি।

রুহুল কবির রিজভী উল্লেখ করেন, সারা দেশে দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সর্বস্তরের নাগরিকের সম্মিলিত সহযোগিতার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি অত্র অঞ্চলের শিক্ষার প্রসার ও অবহেলিত এলাকার রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে প্রতিটি মণ্ডপে ছাত্রদলের নেতাকর্মীরা রাত জেগে পাহারাসহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে; দায়িত্বে কোনো ধরনের অবহেলা দেখা গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে দোহার উপজেলার জয়পাড়া কলেজ ছাত্রদল আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানেও অংশ নেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছাত্রদলকে যেকোনো মূল্যে দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজি থেকে মুক্ত রাখতে হবে। শিক্ষাঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে ওঠার চর্চা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version