বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। দেশের ক্রিকেট নিয়ে তার একাধিক মন্তব্য এর আগে বেশ আলোচনায় আসে। এবার নতুন করে ক্রিকেট নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি।

আসিফ বচলেন, ‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়। বরং ক্রিকেটের প্রকৃত চর্চা ছড়িয়ে আছে তৃণমূল ও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে।’

সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটে শতরান করা দুই তরুণ ক্রিকেটার মিরাজ ও রিংকুর ছবি পোস্ট করে এই মন্তব্য করেছেন আসিফ।

পোস্টে তিনি লিখেছেন, ‘ঢাকা, চট্টগ্রাম, সিলেট স্টেডিয়ামে ঝলমলে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত বিপিএল বা জাতীয় ক্রিকেট দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়। সারাদেশে বিভিন্ন জেলায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট।’

তিনি আরও জানান, অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড এরই মধ্যে শেষ হয়েছে এবং আগামী ২৩ জানুয়ারি থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হবে ফাইনাল রাউন্ড। পাশাপাশি চলছে অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেটের জোনাল রাউন্ড। খুব শিগগিরই মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট ও প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট।

জেলা ক্রিকেট লিগ ও বিভিন্ন টুর্নামেন্ট নিয়েও কথা বলেন আসিফ। তার ভাষ্য, ‘সারাদেশে উৎসবমুখর পরিবেশে জেলা লিগ ও বিভিন্ন প্রতিযোগিতা চলছে, যা ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির অন্যতম প্রধান ক্ষেত্র।’

আক্ষেপ করে আসিফ বলেন, ‘ক্রীড়া সাংবাদিকতা এখন অনেক সময় কনটেন্টে রূপান্তরিত হয়ে গেছে। কিশোর-তরুণদের এসব খেলা গণমাধ্যমে খুব একটা জায়গা পায় না। ঝলমলে আসর নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে সত্য-মিথ্যা আর আন্দাজনির্ভর কনটেন্টে ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম, যার সঙ্গে তৃণমূল ক্রিকেটের কোনো সম্পর্ক নেই।’

সবশেষে তিনি স্মরণ করিয়ে দেন- ভবিষ্যতের সাকিব আল হাসানরা এই তৃণমূল থেকেই উঠে আসবে। তাই শুধু বিপিএল বা জাতীয় দলের ম্যাচ নয়, দেশব্যাপী চলমান ক্রিকেট কার্যক্রমের খবর গণমাধ্যমে গুরুত্ব পাওয়াটা জরুরি বলেও মনে করেন এই গায়ক ও বিসিবি পরিচালক।

সকাল নিউজ/এসএফ

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version