বিশ্বকাপ এখন নকআউট পর্বে। ৪৮ দল থেকে প্রতিযোগিতা নেমে এসেছে শেষ ৩২ দলে। প্রতিটি ম্যাচ এখন বাঁচা-মরার লড়াই। এমন পরিস্থিতিতে নতুন করে হিসাব কষেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার। তাদের সর্বশেষ পূর্বাভাসে উঠে এসেছে, কোন দল সবচেয়ে বেশি সম্ভাবনা নিয়ে এগোচ্ছে শিরোপার দিকে।
সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, বিশ্বকাপ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেদের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১ দশমিক ৫ শতাংশ। কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা ৫৮ দশমিক ৩ শতাংশ, সেমিফাইনালে ৪২ দশমিক ৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮ দশমিক ৪ শতাংশ। আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮ দশমিক ৭ শতাংশ, যা অংশগ্রহণকারী সব দলের মধ্যে সর্বোচ্চ।
তবে ফাইনালে ওঠার সম্ভাবনার বিচারে সবার ওপরে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৯ দশমিক ২ শতাংশ।
অপটার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৭০ দশমিক ৫ শতাংশ, সেমিফাইনালে ৪৯ দশমিক ৬ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ। অর্থাৎ ফাইনালে পৌঁছানোর দৌড়ে লিওনেল মেসিদের অবস্থান ফ্রান্সের চেয়েও কিছুটা এগিয়ে। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে জয় পাওয়ার সম্ভাবনায় এগিয়ে রাখা হয়েছে ফরাসিদের।
বিশ্লেষণে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দলটির বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে ইংল্যান্ড, যাদের সম্ভাবনা ৯ দশমিক ৭ শতাংশ। আর ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে, তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৬ দশমিক ৫ শতাংশ।
শিরোপার দৌড়ে এখনো ভালো অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস (৫.১%), পর্তুগাল (৪.৭%) এবং জার্মানি (৪.৪%)। পাশাপাশি কলম্বিয়া (৩.২%), নরওয়ে (৩%), যুক্তরাষ্ট্র (২.৫%) এবং সুইজারল্যান্ড (২.২%)-কেও সম্ভাব্য চমক দেখানোর তালিকায় রাখা হয়েছে।
অন্যদিকে স্বাগতিক দেশগুলোর একটি মেক্সিকোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। মরক্কো ও বেলজিয়াম—দুই দলের সম্ভাবনাই ১.৬ শতাংশ। আর এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ বলে জানিয়েছে অপটা।
তবে মনে রাখতে হবে, এসব পূর্বাভাস পুরোপুরি পরিসংখ্যান ও গাণিতিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি। ফুটবলের বাস্তবতায় একটি ম্যাচের ৯০ মিনিটেই বদলে যেতে পারে সব হিসাব। তাই মাঠের লড়াইই শেষ পর্যন্ত ঠিক করে দেবে কে উঠবে ফাইনালে, আর কার হাতেই উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি।

