২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত ম্যাচ শেষে রেফারির কঠোর সমালোচনা করায় বড় শাস্তির মুখে পড়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো। মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) নিশ্চিত করেছে যে, ফিফা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ এবং ফরোয়ার্ড জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। একই সাথে জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর সেই রুদ্ধশ্বাস ম্যাচে ৭৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে পরবর্তী সময়ে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে জিকোর একটি গোল বাতিল এবং মিসরের পেনাল্টির আবেদন নাকচ হওয়ায় ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দেন কোচ হোসাম হাসান। তিনি দাবি করেছিলেন, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতেই রেফারির সিদ্ধান্তগুলো এমন ছিল। এছাড়া ফরোয়ার্ড জিকো রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে নিয়ে কটূক্তি করায় অতিরিক্ত শাস্তির মুখে পড়েন।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ হোসাম হাসান ও ইব্রাহিম হাসানকে পাবে না মিসর। অন্যদিকে, ফরোয়ার্ড জিকোকে আগামী জুন পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকতে হবে। শাস্তির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি আপিলের প্রক্রিয়া খতিয়ে দেখতে ফিফার কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

