পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে জয়ের মধ্য দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান শেষ করল বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসি। শনিবার কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে আগের দুই ম্যাচে হারের কারণে দুই দলের কারও জন্যই গ্রুপ পর্বের বাধা টপকানো সম্ভব হয়নি।
ম্যাচের ১২ মিনিটে শেরজোদ মাখামাদিয়েভের গোলে এগিয়ে যায় তাজিক ক্লাব রেগার-তাদাজ। তবে এর কিছুক্ষণ পরেই প্রতিপক্ষ গোলকিপার লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রেগার-তাদাজ। দ্বিতীয় অর্ধে আক্রমণের ধার বাড়িয়ে ৬৭ মিনিটে পা ওমার বাবুর পাস থেকে ব্যাকহিলে গোল করে ফর্টিসকে সমতায় ফেরান রাফায়েল টুডু।
এর চার মিনিট পর ৭১ মিনিটে মোহাম্মদ ইব্রাহিম ও অনন্ত তামাংয়ের সমন্বয়ে পাওয়া বল থেকে দুর্দান্ত ভলিতে ফর্টিসকে এগিয়ে নেন শিয়ান কাওয়াসাকি। ম্যাচের ৮৮ মিনিটে জাপানি ফুটবলার শুকি ইতোফুসা ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। প্রথম ম্যাচে আল-কাদসিয়ার কাছে ৩-০ এবং দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ফর্টিসের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল।

