নিউজিল্যান্ডকে হারিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ২০০টি ম্যাচ জয়ের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে ভারত। সংক্ষিপ্ত সংস্করণে ৩০০ ম্যাচ খেলে এই কীর্তি গড়ল তারা, যেখানে দলের সার্বিক জয়ের হার ৭১.২০ শতাংশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত অন্তত ১০০টি ম্যাচ জেতার কৃতিত্ব রয়েছে মাত্র ৯টি দলের। তবে এই তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা। র্যাঙ্কিংয়ের ২১ নম্বরে থাকা দলটি এখন পর্যন্ত ১০১টি জয় নিয়ে তালিকার নবম স্থানে অবস্থান করছে। কিন্তু জয়-পরাজয়ের অনুপাতের হিসেবে ক্রিকেটের পরাশক্তিদেরও পেছনে ফেলে বিশ্বের এক নম্বরে অবস্থান করছে তারা।
উগান্ডা এ পর্যন্ত খেলা ১৩১ ম্যাচের মধ্যে ১০১টিতেই জয় তুলে নিয়েছে। ফলে প্রতি হারের বিপরীতে তাদের জয়ের অনুপাত দাঁড়াচ্ছে বিস্ময়কর ৩.৭৪১-এ। এমনকি ২০০ জয় নিয়ে সবার শীর্ষে থাকা ভারতের জয়-পরাজয়ের অনুপাত ২.৪০৯। ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে আর কারও অনুপাত ২-এর ওপরে নেই; সেখানে বাংলাদেশের চিত্র আরও হতাশাজনক—২২২ ম্যাচে মাত্র ৮৯ জয়ে অনুপাত ০.৬৯৫।
ভারতের মাইলফলকের দিনেই মাঠে নেমে এক রেকর্ডময় জয় তুলে নিয়েছে উগান্ডাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল কোয়ালিফায়ারে মোজাম্বিককে মাত্র ১৯ রানে গুঁড়িয়ে দিয়ে মাত্র ৫ বলেই ১০ উইকেটের বড় জয় পায় দলটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান তাড়ায় নেমে বল বাকি থাকার নিরিখে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম জয়ের নজির (১১৫ বল হাতে রেখে জয়), যেখানে ২০২৩ সালে আইল অব ম্যানের বিপক্ষে ১১৮ বল হাতে রেখে জয় নিয়ে শীর্ষে রয়েছে স্পেন।


