শিক্ষাঙ্গনে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ক্যাম্পাসের অভ্যন্তরে যেকোনো ধরনের পশু জবাইয়ে পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের এ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করার স্বার্থেই ভেতরে যেকোনো ধরনের পশু জবাই করা থেকে বিরত থাকা বাধ্যতামূলক।
নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রক্টর অফিস আরও উল্লেখ করেছে, কেউ এই নিয়ম লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রচলিত গণবিজ্ঞপ্তি ও বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

