ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই নিষিদ্ধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে এই সিদ্ধান্ত মেনে চলার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, শিক্ষাঙ্গনের স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার স্বার্থেই ক্যাম্পাসের ভেতরে যেকোনো ধরনের পশু জবাই করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
প্রক্টর অফিস থেকে জারি করা ওই নির্দেশনায় আরও সতর্ক করে বলা হয়েছে, ক্যাম্পাসে এই নির্দেশনা অমান্য করে কেউ পশু জবাই করলে তাঁর বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রচলিত গণবিজ্ঞপ্তি ও বিধিমালা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

