ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল বা তারিখ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)। তবে তারিখ ঘোষণার আগেই কাউন্সিলর পদে আগাম প্রস্তুতি জোরদার করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট ১২৯টি ওয়ার্ডের মধ্যে ১১২টিতে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নাম দলের অভ্যন্তরীণ বৈঠকে ঘোষণা করা হয়েছে।
জামায়াতের অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডের মধ্যে ৪৩টিতে এবং দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৯টিতে প্রার্থীরা কাজ চালিয়ে যাচ্ছেন। বাকি ১৭টি ওয়ার্ডে বর্তমানে প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন না হলেও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে ব্যানার-ফেস্টুন টাঙিয়ে প্রচারণা, কুশল বিনিময়, সামাজিক কর্মকাণ্ড ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
এদিকে কাউন্সিলরদের পাশাপাশি দুই সিটির মেয়র পদেও সম্ভাব্য প্রার্থী ঠিক করে রেখেছে জামায়াত। ঢাকা উত্তরে মহানগর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর সাবেক ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছেন।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য মহানগর পর্যায়ে বিশেষ কমিটি রয়েছে। আপাতত সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক ও সামাজিক কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে; নির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

