সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৭ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিত হিসেবে শনাক্ত হয়েছেন ৪২ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ৭৬৮ জনে। এর মধ্যে ল্যাব টেস্ট ও ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৯৯ জনে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৬ জন রোগী। এ নিয়ে প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট ভর্তি হওয়া সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৬১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে মারা গেছেন; নিশ্চিত হামের কারণে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০ জনে। অন্যদিকে নিশ্চিত হাম শনাক্তের পর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৪ জনের।

