অস্ট্রেলীয় মডেল, ফ্যাশন ডিজাইনার ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ সাহারা রে মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন। রোববার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের শুরুতেই মা হওয়া এই মডেল তাঁর কয়েক মাস বয়সী কন্যাসন্তান স্নো-কে রেখে না ফেরার দেশে চলে গেলেন। সোমবার মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড তাঁর পরিবারের বরাতে মৃত্যুর খবর নিশ্চিত করে।
সাহারার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ডেইলি মেইল ও পেজ সিক্সের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ফেন্টানিল নামের শক্তিশালী ব্যথানাশক অতিরিক্ত মাত্রায় গ্রহণের কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে; যদিও বিষয়টি দুর্ঘটনাবশত ঘটেছে কি না বা এর সত্যতা কতটুকু, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি। গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে রোববার পরিবারের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়।
অস্ট্রেলিয়ার খ্যাতিমান সার্ফার টনি রের মেয়ে সাহারা ২০১৪ সালে নিজের সাঁতারের পোশাকের ব্র্যান্ড ‘সাহারা রে সুইম’ চালুর মাধ্যমে ফ্যাশন জগতে শক্ত অবস্থান তৈরি করেন। ২০১৬ সালে পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে হাওয়াইয়ে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনায় আসেন তিনি।
মৃত্যুর আগের কয়েক বছর শারীরিক ও মানসিক নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করছিলেন সাহারা। ২০২৪ সালে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি বিরল স্নায়বিক রোগ ‘গিয়াঁ-বারে সিনড্রোম’-এ আক্রান্ত হন এবং কিছুদিনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে চলাফেরার ক্ষমতা হারান। এর আগে ২০২১ সালে মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সংকট কাটিয়ে উঠতে তিনি পুনর্বাসন চিকিৎসাও নিয়েছিলেন। তাঁর এমন অকালপ্রয়াণে ফ্যাশন ও বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

