ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫ সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ৩ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৪ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
সোমবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: শহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের পরীক্ষার বিস্তারিত তারিখ ও বিষয় উল্লেখ করা হয়েছে। এর আওতায় কলা, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান অনুষদের বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।

