জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন (নবম) সিজনে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন দুই বাংলার খ্যাত অভিনেত্রী জয়া আহসান। পূর্বে একাধিক সিজনে অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা বিচারকের দায়িত্ব সামলালেও, এবার তাঁর স্থলাভিষিক্ত হলেন জয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় জয়া আহসান নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন। রান্নাবিষয়ক কোনো শোর মূল বিচারক হিসেবে এটিই জয়ার প্রথম অভিজ্ঞতা।
জয়া আহসানের সাথে এবারের বিচারক প্যানেলে আরও থাকছেন পেশাদার শেফ শুভব্রত মৈত্র এবং শাহিদ শাহিন। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হতে যাওয়া এ প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। বিজয়ী রাঁধুনী পাবেন ১৫ লাখ টাকার পুরষ্কার।
এদিকে, সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ে অংশ নেওয়ার পর ঢালিউড তারকা পূর্ণিমার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে তুমুল গুঞ্জন তৈরি হয়। তবে এসব নেটিজেন চর্চা ও গুঞ্জনের বিষয়ে পূর্ণিমা এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

