জামালপুরের মাদারগঞ্জে নাশকতার মামলায় সৌরভ হাসান কামরুল (২৭) নামে আওয়ামী শ্রমিক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে পৌর শহরের বালিজুড়ী বাজারে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘সৌরভ ফল ভাণ্ডার’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৌরভ হাসান কামরুল মাদারগঞ্জ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বালিজুড়ী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। বালিজুড়ী বাজারে ফলের ব্যবসার পাশাপাশি তিনি স্থানীয় আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

