শুধু ওপরেই উঠছে আফগানিস্তান ক্রিকেট দল। ২০০৯ সালে প্রথম ওয়ানডে খেলা দলটি ১৭ বছরের মাথায় উঠে এল আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে। আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এই সংস্করণে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে উঠল আফগানরা। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়েই এটি আফগানিস্তানের সর্বোচ্চ র্যাঙ্কিং অবস্থান। এর আগে টি–টুয়েন্টিতে দলটির সর্বোচ্চ অবস্থান ছিল সাত এবং টেস্টে নয়।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের পেছনে রয়েছে ক্রিকেট বিশ্বের সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন—শ্রীলঙ্কা (৭ম), ইংল্যান্ড (৮ম) ও ওয়েস্ট ইন্ডিজ (১০ম)। এছাড়া বাংলাদেশের অবস্থান নবম স্থানে।
আফগানিস্তান ও শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট সমান (৯৪) হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ষষ্ঠ স্থান দখল করেছে আফগানরা। অন্যদিকে, র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে শক্তিশালী ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের চেয়ে ৬ রেটিং পয়েন্টে এগিয়ে রয়েছে দলটি।
উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে চমক দেখানো আফগানিস্তান দল এখন পর্যন্ত মোট ১৯১টি ওয়ানডে ম্যাচ খেলে জিতেছে ৯৬টিতে।

