ভারতের টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে তরুণ অভিনেতা অনুজ ঠাকুরের মৃত্যুতে। মাত্র ৩৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেছেন তিনি। ঘুমের মধ্যে খিঁচুনিতে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার। গত ২৭ অক্টোবর অনুজের মৃত্যু হলেও সোমবার (২ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমাতে যাওয়ার পর আর জেগে ওঠেননি অনুজ। এক সাক্ষাৎকারে তাঁর মৃত্যুর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান বন্ধু রূপেশ সোনার। তিনি জানান, অনুজের প্রতিদিনের জীবনযাপনে বেশ নিয়মশৃঙ্খলা ছিল। সাধারণত ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠতেন এবং শরীরচর্চা ও জগিং ছিল তাঁর প্রতিদিনের অভ্যাস। কিন্তু মৃত্যুর দিন সকালে নির্ধারিত সময়েই অ্যালার্ম বেজে উঠলেও ঘুম থেকে ওঠেননি অভিনেতা। পরে তাঁর মা ঘরে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অনুজকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যদের কাছ থেকে রূপেশ জানতে পারেন, খিঁচুনিতে আক্রান্ত হওয়ার পরই তাঁর মৃত্যু হয়েছে।
বন্ধুর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন রূপেশ সোনার। সেখানে তিনি অনুজকে কেবল বন্ধু নয়, নিজের ছোট ভাইয়ের মতো বলে উল্লেখ করেন। তাঁদের মধ্যে একসঙ্গে অনেক কাজ করার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি। রূপেশের ভাষ্য অনুযায়ী, অনুজের অভিনয়জীবনের শুরুর দিকের সংগ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে সামনে এগিয়ে যাওয়ার পুরো যাত্রার সাক্ষী ছিলেন তিনি। মৃত্যুর মাত্র ১০ দিন আগেও দুজনের দেখা হয়েছিল। সেই সাক্ষাতের পর এত দ্রুত বন্ধুকে হারাতে হবে, তা কল্পনাও করেননি তিনি।
রূপেশ জানান, ২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমো কা’ ধারাবাহিকে কাজ করার সময় অনুজের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও ধারাবাহিকে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। দীর্ঘ সময়ের এই পরিচয় পরবর্তী সময়ে গভীর বন্ধুত্বে রূপ নেয়। মৃত্যুর আগে আবারও অভিনয়জগতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অনুজ। নতুন করে কাজ শুরু করার বিষয়ে তাঁর মধ্যে বেশ আগ্রহ ও উদ্দীপনা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণের আগেই আকস্মিকভাবে থেমে গেল তাঁর জীবন।
উল্লেখ্য, টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অনুজ ঠাকুর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমো কা’, ‘বিন্দ বানোঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ এবং ‘মহিসাগর’। এসব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন দর্শকদের কাছে পরিচিতি লাভ করেছিলেন তিনি।
অনুজের আকস্মিক এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মী ও অভিনয়জগতের পরিচিতজনেরা। অভিনেতা ভাকুয়ার শেখ এবং ‘বিগ বস ১৮’-এর পরিচিত মুখ ইয়ামিনী মালহোত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। তরুণ এই অভিনেতার অকালপ্রয়াণে গভীরভাবে শোকাহত তাঁর বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

