লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ও একটি ভারতীয় মোটরসাইকেল আটক করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সিংগীমারী বিওপির একটি টহলদল। এ সময় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী এলাকায় মালিকবিহীন অবস্থায় ২৭৮ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তেও অভিযান পরিচালনা করে বিজিবি। পঁয়ষট্টিবাড়ী বিওপির টহলদল সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেংটি পাকা রাস্তা এলাকায় টহল পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় ফনিক্স মোটরসাইকেল আটক করে।আটক মোটরসাইকেলটি ফনিক্স ১২৫ সিসির এবং এর কোনো রেজিস্ট্রেশন নেই বলে জানিয়েছে বিজিবি।দুটি পৃথক অভিযানে আটক করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলের সর্বমোট মূল্য ২ লাখ ২১ হাজার ২০০ টাকা।
সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য পাচার ঠেকাতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


