মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার পর দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তাইজুল সরদার (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী এলাকার প্রয়াত রুস্তম আলী সরদারের ছেলে। তিনি আলোচিত মোয়াজ্জেম ও বোরহান হত্যা মামলার আসামি ছিলেন এবং মামলার কারণে কালকিনিতে নানার বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালীগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে ছিলেন আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ওরফে মিলন সরদার এবং তাঁর অনুসারী জহির ও মহাসিন চৌকিদার। এ সময় তাইজুল ও আলামিনসহ ৭-৮ জন বোরকা পরে এসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে হামলা চালায়। হাফিজুর রহমানকে রক্ষা করতে তাঁর অনুসারীরা প্রতিরোধ গড়লে দুই পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে হামলাকারীদের একজন তাইজুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহতদের মধ্যে জহির ও মহাসিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং আলামিন মাদারীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলীনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান এবং বর্তমান চেয়ারম্যান সাহীদ পারভেজের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে চরম বিরোধ চলছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার নির্দেশ ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে এই বোরকা পরা হামলা চালানো হয়েছিল। নিহত তাইজুল নিজেই হামলাকারী দলের সদস্য ছিলেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



