মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগকারী ইশরাক হোসেনকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। তাঁকে পুনর্বহাল করা সম্ভব না হলে শহীদ পরিবার অথবা আহত ব্যক্তিদের মধ্য থেকেই কাউকে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান তাঁরা।
বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি এ দাবি ও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতি ও মূল্যবোধ রক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে উপযুক্ত ও আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।



