চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে কাঠের বাক্সে পুষে রাখা বিষধর গোখরা সাপকে খাবার দিতে গিয়ে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক কাঠমিস্ত্রি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুইয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত ইকবাল হোসেন ভুইয়াকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি তিন সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল আগে থেকেই সাপ ধরতে পছন্দ করতেন। প্রায় তিন মাস আগে বাইরে থেকে একটি বিষধর গোখরা সাপ ধরে এনে নিজের তৈরি একটি কাঠের বাক্সে রেখে তিনি তা লালন-পালন করছিলেন এবং নিয়মিত খাবার দিতেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কাঠের বাক্সটি খুলে সাপকে খাবার দিতে গেলে হঠাৎ সাপটি তাঁর ডান হাতে ছোবল দেয়। তাঁর চিৎকারে স্বজনেরা ছুটে আসেন এবং দ্রুত বিষক্রিয়া ছড়িয়ে পড়তে থাকলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, হাসপাতালে আনার পরই ইকবালকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হলেও তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।


