শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩, ৯ জমাদিউস সানি ১৪৪৮

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এই নেতাকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে উপস্থাপন করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে ৮১ বছর বয়সী নুরুল ইসলাম নাহিদকে আটক করে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন এবং ২০০৮ সালে দলটি সরকার গঠনের পর টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আদালতে পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাঁর দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন এবং পরবর্তীতে প্রয়োজন সাপেক্ষে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও পুলিশ জানিয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ৫০০ থেকে ৭০০ শিক্ষার্থী ও সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। সে সময় আসামিদের প্রত্যক্ষ মদদ ও নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সেখানে যোগ দেয় এবং এলোপাতাড়ি মারধর ও গুলি ছুড়তে শুরু করে।

হামলাকারীদের ছোড়া গুলিতে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামের (২১) পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তাঁর মৃত্যু হয়। নিহত সাদিকুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা এবং উত্তরা পশ্চিম থানা এলাকার জামিয়াছিন ইসলামিয়া মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে তাঁর মৃত্যুর ঘটনায় আদালতে নালিশি মামলা করা হলে আদালতের নির্দেশে উত্তরা পশ্চিম থানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version