বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি অভিযোগ করেছে, প্রবাসে নিজ দেশের নাগরিকদের জীবন ও অধিকার রক্ষায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে; এমনকি তাঁদের মৃত্যুর পর দায়িত্বহীন ও অবমাননাকর মন্তব্য করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলটির শীর্ষ নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, মক্কায় দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর অত্যন্ত উদ্বেগের বিষয়। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ, বিচারপ্রক্রিয়া এবং রায়ের আইনি অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানত না বলে যে বক্তব্য দিয়েছে, তা দায়িত্ব এড়ানোর শামিল। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকলেও রাষ্ট্র তাঁদের ন্যূনতম নিরাপত্তা ও আইনি সুরক্ষা দিতে পারছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বিদেশে কর্মরত প্রত্যেক শ্রমিকের জন্য রাষ্ট্রীয় খরচে কার্যকর আইনি সহায়তা ও জবাবদিহি নিশ্চিতের জোর দাবি জানান তিনি।
সভাপতির বক্তব্যে সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না বিদেশে আটক ও কারাবন্দী সকল বাংলাদেশির পূর্ণাঙ্গ তালিকা তৈরি, নিয়মিত কারাগার পরিদর্শন এবং তাঁদের মুক্তির লক্ষ্যে জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি প্রবাসে যে কোনো অপমৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলা হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ সিপিবির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।

সম্পাদক ও প্রকাশক: শিহাব আহমেদ

Sokal News | সকাল নিউজ is a youth-led online news and media portal dedicated to delivering accurate, timely, and impactful news. Driven by a passion for truth and transparency, our mission is “সত্যের আলোয় প্রতিদিন” (“In the light of truth, every day”). Stay connected with us for trustworthy news coverage from a fresh perspective.

প্রধান কার্যালয়:
সকাল নিউজ, ই-১৭/৬, চায়না টাউন, ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০

© 2026 সকাল নিউজ. সর্বস্বত্ত সংরক্ষিত Shihab Group.
Exit mobile version