কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।
শনিবার এয়ারলাইনসটির নির্ধারিত ফ্লাইট ‘বিএস ১৪৫’-এর মাধ্যমে এই ঐতিহাসিক কার্যক্রমের সূচনা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই নতুন যাত্রীসেবার উদ্বোধন করে।
বোর্ডিং ব্রিজ চালুর ফলে যাত্রীরা এখন থেকে সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামার সুবিধা পাচ্ছেন। এতে তীব্র রোদ কিংবা বৃষ্টির ঝামেলা এড়িয়ে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও দ্রুত হবে, যা দেশের অন্যতম প্রধান এই পর্যটন বিমানবন্দরের আধুনিক যাত্রীসেবার মানকে এক ধাপ এগিয়ে নিল।
ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যাত্রীদের বিশ্বমানের ও উন্নত সেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। ভ্রমণকারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন সেবা দিতে এয়ারলাইনসটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কক্সবাজার বিমানবন্দরে এই আধুনিক বোর্ডিং ব্রিজ সুবিধা চালুর মাধ্যমে সার্বিক অভ্যন্তরীণ বিমান চলাচলে যাত্রীসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।


