একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিডিও প্রকাশের ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। সংশ্লিষ্ট চ্যানেলটির পক্ষ থেকে পরবর্তীতে দুঃখপ্রকাশ করা হলেও শুধু ক্ষমা চেয়ে এত বড় অপরাধের দায় এড়ানো সম্ভব নয় বলে স্পষ্ট অবস্থান নিয়েছেন তিনি।
সম্প্রতি ওই টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে অভিনেত্রীদের আপত্তিকর দুটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো পর্যবেক্ষণ করে স্পষ্ট বোঝা যায় যে সেগুলো ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা বিকৃত কনটেন্ট। বিষয়টি নজরে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পরীমণি উল্লেখ করেন, ভিডিও দুটি হয়তো আগে থেকেই ইন্টারনেটে ছিল, কিন্তু একটি দায়িত্বশীল গণমাধ্যমের অফিশিয়াল পেজ থেকে সেটি প্রচারের ফলেই তা মুহূর্তের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ফলে একজন শিল্পীর সম্মানহানির পর কেবল একটি আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা এই ভুলের সমাধান হতে পারে না বলে মনে করেন তিনি।


