কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ তাঁর পরিবারের ছয় সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১০ জন পর্যটকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
শনিবার সকাল আনুমানিক সাতটার দিকে ইনানীর সৈকতসংলগ্ন কাঠের তৈরি ‘টুপটুপ রিসোর্ট’-এ হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো রিসোর্টে ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত পর্যটকেরা আটকা পড়েন।
অগ্নিকাণ্ডে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর নাম মো. নাফিজ তেহামী (জাইফ)। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে অবকাশযাপনে এসে স্বজনদের সঙ্গেই প্রাণ হারান তিনি।
একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন পর্যটকের এমন মর্মান্তিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পর্যটন নগরী কক্সবাজারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


