দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে সবশেষ সমন্বয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত নতুন এই দর কার্যকর রয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। স্বর্ণের পাশাপাশি বাজারে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়, ২১ ক্যারেটের ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬২৪ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত গহনার বিক্রয়মূল্যের সঙ্গে নির্ধারিত হারে ভ্যাট যুক্ত থাকবে, তবে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তীতে বাজুসের নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে।

